স্টাফ রিপোর্টার: আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালে তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর সময় স্থানীয়দের কাছে হেনস্থার শিকার হয়েছেন। এ সংক্রান্ত কিছু ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৭ ডিসেম্বর) জাতীয় সংসদের নির্বাচনী আসন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এলাকায় প্রচারণা চালাতে গেলে তার পাশে স্থানীয় একদল লোক এসে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেন। এতে ব্যারিস্টার ফুয়াদ এবং তার সঙ্গীদের কোনোরকম প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।
এসময় আবার হেনস্থাকারী ব্যক্তিদের ফুয়াদের পেছনে পেছনে মিছিল নিয়ে যেতে দেখা যায়। ওই মিছিলে তাদের ‘ফুয়াদের দুই গালে, জুতা মার তালে তালে’; ‘মিথ্যাবাদীর দুই গালে, জুতা মার তালে তালে’; ‘ফুয়াদের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতেও শোনা যায়।
জানা গেছে, রোববার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ।
এ ঘটনায় ফুয়াদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটেছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার বলেন, “ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন। তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে।’ তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চায় ব্যারিস্টার ফুয়াদের কাছে। সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে ভুয়া ভুয়া স্লোগান দেয়।”
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই ব্রিজটি আমার মাধ্যমে হয়েছে। আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করেছে, তবে এখানে কারো নাম বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা এই কথাই বলেছি।
রিপোর্টার্স২৪/ধ্রুব