রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ধর্ম ব্যবসায়ীদের রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতারণার প্রবণতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানতে হবে বাসস্টেশন কোথায়।
সালাহউদ্দিন বলেন, ধর্মের নামে ভোট নেওয়া, ট্যাবলেট বিক্রি করা বা প্রতারণা করা কোনো দলের নীতি-আদর্শ নয়। তিনি অভিযোগ করেন, যেসব দল এসব করছে, তারা শুধুমাত্র ধর্মের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে, কিন্তু ইহকালীন বাস্তব সমস্যা ও মানুষের জীবনযাপন নিয়ে কোনো দৃষ্টি নেই।
সভায় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ‘মুখোশ গণতন্ত্র’দেখিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা ও ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে অগণতান্ত্রিকভাবে পরিচালনা করা ইতিহাসে জঘন্য একদলীয় শাসনের উদাহরণ।
সালাহউদ্দিন আহমদ ছাত্রদল ও দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জন্য কী করবে তা সহজভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে। বিএনপি ধর্মের নামে নয়, বরং মানুষের অর্থনৈতিক মুক্তি, কল্যাণ ও উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দেয়।
তিনি বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। তার কথায়, স্বাধীনতার ঘোষণার সময় থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালের সংসদীয় পদ্ধতি ও ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার—সবই বিএনপির অবদান।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির রুহুল কবির রিজভী, উপস্থিত ছিলেন দলের নেতৃবৃন্দসহ ছাত্র ও যুব সংগঠনের কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম