রিপোর্টার্স২৪ ডেস্ক : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাবুগঞ্জে আমার ওপর হামলা চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একদিনেই বিএনপির অন্তত দশ লাখ ভোট কমেছে। বিএনপির এই অভদ্র অংশকে নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বে দলটি। এই ক্রিমিনালদের নিয়ে যখন ভোট চাইতে যাবেন, তখন এলাকাবাসী ভাববে নির্বাচনের আগেই (বিএনপি) এদের দিয়ে আমাদের ভয় দেখায়, নির্বাচিত হলে কী হবে?
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, মীরগঞ্জ সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে একটি উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে আমি কোনো দল বা ব্যক্তিকে বলিনি, শুধু স্থানীয়দের কাছে সহযোগিতা চেয়েছি। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল আমাকে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা শুধু দৃশ্যমান অংশ। গত দুই মাস ধরে আমি নিয়মিত এমন ঘটনার শিকার হচ্ছি। আমার নেতাকর্মীদের ক্যাম্পেইনে মারধর করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। তারা থানায় গেলে পুলিশ মামলা নিচ্ছে না। আওয়ামী লীগের আমলে যা দেখেছি, এখনো তাই দেখছি। প্রশাসন ধরে নিয়েছে এটাই রুলস অব দ্য গেম যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, প্রশাসন আওয়ামী লীগ হয়ে যায়, আর বিএনপি থাকলে বিএনপি হয়ে যায়। কোনো রাষ্ট্র এভাবে চলতে পারে না।
ফুয়াদ আরও বলেন, প্রশাসন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ নির্বাচন করতে যাচ্ছে। মুলাদীর নাজিরপুরে জেলা প্রশাসকের সামনে যা ঘটেছে, সবাই দেখেছে। এসব ঘটনায় বিএনপির একাংশের আচরণ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। বিএনপিকে বলতে চাই- হাসিনার ফ্যাসিবাদের সময়ও আমরা চুপ করে থাকিনি। আপনারাও ভাববেন না যে আমরা চুপসে গিয়ে ঢাকায় পালিয়ে যাব।