সিনিয়র রিপোর্টার: সামনে রাজনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।মনোনয়নকে ঘিরে দলের ভেতরের ক্ষোভ ও অসন্তোষের প্রেক্ষাপটেই এ সতর্কবার্তা দেন তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে ব্যক্তি নয়, মুখ্য হচ্ছে দল ধানের শীষ। সুতরাং প্রতীককেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
তারেক রহমান আরও বলেন, সামনের সময় অত্যন্ত কঠিন এবং এখনই যদি দল সংহত না হয়, বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। আন্দোলনের সময় যেভাবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হয়েছিল, দেশ গড়ার পরিকল্পনার ক্ষেত্রেও একইভাবে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
দেশে চলমান একটি বিশেষ প্রচারণার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন দেশে প্রচার চলছে একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ। এটা গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক। গত ১৬ বছর একটি দল একই প্রচারণা চালিয়েছে। ৫ ডিসেম্বরের পরও তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তিনি বলেন, এ ধরনের প্রচারণার পরিবর্তন এখন অত্যন্ত জরুরি।
বর্তমান অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের অংশগ্রহণ অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
রিপোর্টার্স২৪/এসসি