রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে যুক্ত হয়ে একপর্যায়ে তিনি এ দুঃখপ্রকাশ করেন। সভায় তিন বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, অতীতে ঢাকার একটি দীর্ঘ মিছিলে ভিড়ের মধ্যে রুমিকে উদ্দেশ করে তিনি উত্তেজিত ভাষা ব্যবহার করেছিলেন। তিনি বলেন, আমি অনেক দিন চেষ্টা করেছি রুমি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে, পাইনি। আজ সুযোগ পেয়েছি— ওই ঘটনার জন্য দুঃখিত।
বক্তব্যে তিনি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার আগের শেষ সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, অসুস্থ শরীর নিয়েও খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় উপস্থিত হয়েছিলেন, যা তার প্রতিরক্ষা বাহিনীকে সম্মান ও ভালোবাসার প্রমাণ।
তারেক রহমান আরও বলেন, অতীতের সামরিক শাসনামলে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে যে নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছিল, তা ভিত্তিহীন ছিল। আজকের আলোচনায় বিষয়টি আরও পরিষ্কার হয়েছে— মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ আরও অনেকে।
রিপোর্টা্র্স২৪/বাবি