রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন, ধার করা টাকার ওপর স্থায়ীভাবে ভর করে কোনো অর্থনীতি টিকে থাকতে পারে না। তার মতে, দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নকে গতিশীল রাখতে হলে নিজস্ব রাজস্ব আহরণের ওপরই বেশি গুরুত্ব দিতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গণে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা ও দাতাদের ওপর নির্ভরশীলতা ক্রমেই বেড়ে চলেছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে দুর্বল করে তোলে। তিনি বলেন, দেশকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হলে রাজস্ব আদায় বাড়াতে হবে এটাই সবচেয়ে টেকসই পথ।
ভ্যাট ও কর ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। তাঁর মতে, আদায়কৃত অর্থ যেন বিন্দুমাত্র গরমিল ছাড়াই সরাসরি সরকারি কোষাগারে জমা হয়তা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। যেকোনো প্রকার অনিয়ম, হিসাব কারসাজি বা দুর্ব্যবহার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তিনি।
সেমিনারে উপস্থিত আলোচকেরা উল্লেখ করেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বহু বছর ধরে ৬ দশমিক ৬ থেকে ৭ দশমিক ৮ শতাংশের মধ্যেই আটকে আছে যা বিশ্বের বহু উন্নয়নশীল দেশের তুলনায় উদ্বেগজনকভাবে কম। জিডিপির তুলনায় ভ্যাট আদায়ের হারও এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি।
ড. সালেহউদ্দিন আরও বলেন, জাতীয় সম্পদ বাড়াতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কর ও ভ্যাট প্রদানে দায়িত্ববোধ তৈরি করতে হবে। তবে তিনি সতর্ক করে বলেন, ভ্যাটের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে। টেকসই অর্থনীতি গড়তে আয়করের ভিত্তি বাড়াতে হবে। সেমিনারে অর্থনীতিবিদ, কর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজস্ব সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
রিপোর্টার্স২৪/ঝুম