সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দিনাজপুর–৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়ন তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দেবেন না। শেষ পর্যন্ত দলটির ঘোষিত তালিকায় ওই আসনের প্রার্থী রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি