রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য ক্ষমতায় পৌঁছানো নয়, বরং দেশের সংস্কার ও অগ্রগতি বজায় রাখা। বুধবার ১২৫টি আসনের জন্য প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, অনেকে জানতে চান, আমরা কতটি আসন পাব বা প্রত্যাশা করি। কিন্তু আমরা ক্ষমতার জন্য নির্বাচনে যাচ্ছি না। আসন পাবো বা পাবো না, তা বিবেচনা করেই নয়। যদি সিট নিশ্চিত করাই মূল লক্ষ্য হতো, আমরা কোনো জোটে চলে যেতাম।
তিনি আরও জানান, এনসিপি ৩০০ আসনে প্রার্থী দিতে চায়, যারা সরাসরি জনগণের কাছে গিয়ে ‘হ্যাঁ’ প্রচারণা চালাবে। তার ব্যাখ্যা, এই ‘হ্যাঁ’ মানে হচ্ছে দেশের সংস্কার, গণঅভ্যুত্থানের পর অর্জিত অগ্রগতিকে অব্যাহত রাখা এবং বাস্তবায়ন করা।
প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা এ তালিকায় নেই, তাদেরও অবশ্যই ভবিষ্যতে বিবেচনা করা হবে। এবারের নির্বাচনে এনসিপি মূলত জনগণের কাছে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও সংস্কার বজায় রাখার প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা চালাবে।
রিপোর্টার্স২৪/ঝুম