স্টাফ রিপোর্টার: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী যুব আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলার সানাউল্লাহ মিয়া হলে এ আয়োজন করা হয়।
মাহফিলে আইনজীবীরা দল-মত নির্বিশেষে অংশ নিয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। তারা বলেন, জাতির অন্যতম শীর্ষ রাজনৈতিক নেত্রী বেগম জিয়ার দ্রুত সুস্থতা আজ সমগ্র দেশের মানুষের প্রত্যাশা। আয়োজকদের মতে, তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম (আমীর) এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক। বক্তারা বলেন, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া এই নেত্রীর রোগমুক্তি দেশের মানুষের অভিন্ন আকাঙ্ক্ষা। তার সুস্থতার জন্য দোয়া অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম, ঢাকা মহানগর পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, ঢাকা জেলা পিপি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, সমিতির অফিস সেক্রেটারি মো. আনোয়ারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবুসহ বিপুল সংখ্যক আইনজীবী।
দোয়া মাহফিলকে ঘিরে আইনজীবীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের ভাষ্যে, বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা শুধু দলের ভেতরেই নয়, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। দেশব্যাপী তার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার কর্মসূচি চলছে।
রিপোর্টার্স২৪/এসসি