সিনিয়র রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং এতে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত শুক্রবার দেশে বাইরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার কারণে তা সম্ভব হয়নি। তবে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সবসময় চেষ্টা করছি।
ডা. জাহিদ আরও বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য শেয়ার করছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, কোনো গুজবে কান না দেওয়া হোক। খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
তিনি নিশ্চিত করেন, উনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং ডাক্তারদের দেওয়া চিকিৎসায় সত্যিকারের রেসপন্স দেখাচ্ছেন। আমাদের মেডিকেল বোর্ডের সকল সদস্য আশা রাখছেন যে, তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দেখছে।
রিপোর্টার্স২৪/এসসি