| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নগর ভবনের সামনে সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১০:৩১:৪৮:পূর্বাহ্ন  |  ১৭২২৯৮১ বার পঠিত
নগর ভবনের সামনে সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার নগর ভবনের সামনের রাস্তা আটকে বিক্ষোভ করছেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার পর থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ঘণ্টাখানেক পর ঢাকার দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের সামনে এসে বিক্ষোভে অংশ নেন।

সে সময় তারা ‘শপখ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ ইত্যাদি স্লোগান ধরেন।

ইশরাকের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া জাফর আহমেদ এই ঘটনার জন্য স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করেছেন। তিনি বলেন, আদালত থেকে দুই দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক টালবাহানার কারণেই দায়িত্ব হস্তান্তর আটকে আছে। আমরা মেয়র বসা পর্যন্ত আছি, রাস্তা ছাড়ব না।

এদিকে আজ মূল ফটকের সামনে অবস্থান নেওয়ার ফলে নগর ভবনের সামনের সড়ক বন্ধ হয়ে যায়, এতে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েন। ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে হাইকোর্ট মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হতে দেখা গেছে।

দক্ষিণ সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্স করাতে এসে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আজিমপুরের রজ্জব আলী বলেন, একদিকে এখানে আসতে অনেক সময় লেগেছে, রিকশা নিয়ে ঢাকা মেডিকেলের পরে আর সামনে যাওয়ার উপায় নেই, পরে হেঁটে নগর ভবনে এসেছি। এসে দেখি সামনে আন্দোলন আর নগর ভবনের সবজায়গায় তালা দেওয়া, কী সমস্যায় পড়েছি বলুন। এভাবে আর কয়দিন থাকবে। কে মেয়র হবে সেটা আমাদের জানা দরকার নেই। আমাদের মতো সাধারণ নাগরিকদের সেবা তো খোলা রাখবে, নাকি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪