রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী বছরের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম এতটাই উঁচু যে বিশ্বজুড়ে সমর্থকরা হতাশ ও ক্ষুব্ধ। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এবং ইংল্যান্ড ফ্যানস এম্বাসির মতে, ফিফার এই সিদ্ধান্ত সাধারণ দর্শকদের প্রতি চরম অবিচার।
বিবিসির তথ্য অনুযায়ী, ফাইনালের সবচেয়ে কম দামি টিকিটের মূল্যই ৩,১১৯ পাউন্ড (প্রায় ৪,১৮৫ মার্কিন ডলার)। ‘সাপোর্টার স্ট্যান্ডার্ড’ টিকিটের দাম ৪,১৬২ পাউন্ড এবং ‘সাপোর্টার প্রিমিয়াম’ শ্রেণির টিকিটের মূল্য পৌঁছেছে ৬,৬১৫ পাউন্ডে।
তুলনামূলকভাবে, ২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে কম দামের টিকিট ছিল মাত্র ৪৫০ পাউন্ড। অর্থাৎ এবার দাম বেড়েছে প্রায় সাত গুণ। শিশু বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য ছাড়ও নেই। গ্রুপ পর্বের টিকিটও নির্দিষ্ট মূল্যে নয় দলের জনপ্রিয়তা অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে ইংল্যান্ড, ব্রাজিল বা অন্যান্য জনপ্রিয় দলের ম্যাচ দেখতে সমর্থকদের অতিরিক্ত অর্থ খরচ করতে হবে।
উদাহরণ হিসেবে, ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১,৯৯৮, ৩৭৩ ও ৫২৩ পাউন্ড। তুলনামূলক কম জনপ্রিয় দলের ম্যাচের টিকিট অনেক কম মূল্যে পাওয়া যাবে।
কোয়ার্টার ফাইনালের টিকিট ৫০৭-১,০৭৩ পাউন্ড এবং সেমিফাইনালের ৬৮৬-২,৩৬৩ পাউন্ড। পুরো টুর্নামেন্টে আটটি ম্যাচ দেখার জন্য সমর্থকদের খরচ পড়তে পারে ৫,২২৫ থেকে ১২,৩৫৭ পাউন্ড পর্যন্ত, যা ২০২২ সালের তুলনায় অনেক বেশি।
ফিফা লটারি (ব্যালট) প্রক্রিয়া শুরু করেছে, ফলে সমর্থকরা টিকিটের আসল মূল্য জানতে পারছেন। তবে ফিফা এখনো মূল্য নির্ধারণ নীতির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রিপোর্টার্স২৪/আয়েশা