| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই ও একাত্তরের ইস্যুতে রাজনৈতিক বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ০৩:২৫:২৩:পূর্বাহ্ন  |  ২৩৮ বার পঠিত
জুলাই ও একাত্তরের ইস্যুতে রাজনৈতিক বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ জুলাইয়ের ঘটনার রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এ নিয়ে বিতর্কের মীমাংসা সম্ভব নয়। একইভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্য অবস্থান না আসা পর্যন্ত তাদের সঙ্গে বিতর্ক চলবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সংসদ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর থেকেই রাজনৈতিক বিতর্ক চালিয়ে যাবে, তবে এ বিষয়ে কোনো আপস করা হবে না।

বিরোধী দলের নেতার প্রতি ইঙ্গিত করে জহিরউদ্দিন স্বপন বলেন, বিরোধী দলে এমন একজন রয়েছেন, যিনি কারাগারে থেকেছেন। তিনি ইসলামী ছাত্রসংঘ বা কোনো প্রচলিত ছাত্র সংগঠনের পথ ধরে জামায়াতে ইসলামীতে আসেননি, বরং নিজস্ব চিন্তা থেকেই দলটির নেতৃত্বে এসেছেন।

তিনি আরও বলেন, দেশের অতীত ১২টি সংসদের তুলনায় বর্তমান ত্রয়োদশ সংসদ ইতিহাসে ব্যতিক্রম। তার মতে, অতীতে দেশের রাজনীতি মূলত দ্বিদলীয় কাঠামোয় সীমাবদ্ধ থাকলেও এবার নির্বাচনী ফল ও সংসদের চিত্র ভিন্ন বাস্তবতা নির্দেশ করছে।

জামায়াতসহ ১১ দলীয় জোটের নির্বাচনী ফলাফল প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর ভোট অতীতে পাঁচ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার ভোটের হিসাব পরিবর্তিত হয়েছে, যা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও বাজেট পরিস্থিতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ খাতের সংকট ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে জাতীয় ঐক্য প্রয়োজন।

রাজনৈতিক আদর্শ ও ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম বা স্বাধীনতার চেতনা নিয়ে রাজনীতি করলে সেখানে আচরণগত জটিলতা তৈরি হওয়া স্বাভাবিক।

তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে যেসব রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের ইতিহাস জনগণের কাছে স্পষ্ট। একইভাবে ভবিষ্যতে কেউ যদি গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস অস্বীকার করে, তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪