| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীর রাজনীতি হবে মানুষের আশা-আকাক্সক্ষা পূরণের : আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১২:১১:৫৫:অপরাহ্ন  |  ১৭২২৮৬৭ বার পঠিত
আগামীর রাজনীতি হবে মানুষের আশা-আকাক্সক্ষা পূরণের : আমীর খসরু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক হাজার সংস্কার করে বাংলাদেশে কোনো লাভ হবে না। যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এটা অব্যাহত রাখতে হবে। যে পরিবর্তনের আশা-আকাক্সক্ষার জন্য মানুষ অপেক্ষা করছে, সেটা যদি আগামীর রাজনীতি দিতে না পারে, সে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের কোনো ফিউচার আছে বলে আমি মনে করি না।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের দশ মাস-গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা পালন করছেন, তাদের এ দায়িত্ব দেওয়ার পেছনে যে শক্তিগুলো ছিল তার মধ্যে প্রথম হচ্ছে- ছাত্র-জনতার সমর্থন, দ্বিতীয় হচ্ছে- রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং তৃতীয় শক্তি হচ্ছে- বাংলাদেশের সামরিক বাহিনী। এছাড়া শেখ হাসিনার পতনের পেছনেও এই তিনটা শক্তি কাজ করেছে। সংস্কার হচ্ছে মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার সংস্কার। সুতরাং এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই তিনটা শক্তি যারা এই সরকারকে দায়িত্ব দিয়েছিল, তার মধ্যে আজ ছাত্র-জনতার অবস্থানটা কোথায়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহতভাবে একটা দল গঠন করেছে। তারা নিজেদের অবস্থান এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য আন্দোলন অব্যাহত রেখেছে। কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কী বলছে এটা তো শুনতে হবে। এরপর হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল। বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, আজ তারা কোথায় এবং তাদের অবস্থানটা কোথায়? এটা বিবেচনা করার দরকার আছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তৃতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। তাদের অবস্থান কোথায়? যেদিন এই সরকারকে বসানো হয়েছে, সেদিনের সঙ্গে যদি আজকে আমরা কম্পেয়ার করি তাহলে কোন অবস্থান থেকে আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি- এটা সবার অ্যানালাইসিস করা দরকার। কোথায় যেন এখন একটা বিভক্তি হয়ে গেছে। এই বিভক্তির দায় কে নেবে? 

তিনি আরও বলেন, সংস্কারের ব্যাপারে কারও কোনো দ্বিমত দেখছি না। সংস্কার সংস্কার করে ওরা (অন্তর্বর্তী সরকার) গলা শুকিয়ে ফেলেছে। সকলে সংস্কারপত্র অলরেডি জমা দিয়েছি। ড. ইউনূস প্রথম থেকেই বলছেন, যেখানে ঐকমত্য হবে, সে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। সবাই সংস্কারপত্র জমা দেওয়ার পরেও কোন বিষয়ে ঐকমত্য হয়েছে, এ বিষয়গুলো জাতিকে জানানো হচ্ছে না কেন? এটা তো একটা রহস্যের ব্যাপার।

সংস্কারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না মন্তব্য করে তিনি বলেন, বিচারের ক্ষেত্রেও কোনো সমস্যা দেখছি না। তারপরেও রোডম্যাপটা দিতে এত ভয় কেন? আর নির্বাচন নিয়ে এত ভয় কেন? যাদের নির্বাচন দিতে ভয়, অর্থাৎ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। গণতান্ত্রিক অর্ডারের ওপর তাদের কোনো আস্থা নেই। 

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুন নুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হাসেন প্রিন্স, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪