| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতির অভিযোগের প্রমাণ সংসদে দিতে হবে: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ০২:৩২:২৮:পূর্বাহ্ন  |  ৪৪৫২ বার পঠিত
দুর্নীতির অভিযোগের প্রমাণ সংসদে দিতে হবে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সময় ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ জাতীয় সংসদে উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে এসেছেন, কারও ‘ছোট ভাই’ হিসেবে নন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে একই অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং নাহিদ ইসলামসহ তরুণ সংসদ সদস্যদের ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেন। এ বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম কড়া প্রতিক্রিয়া জানান।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। আমি ওই অন্তর্বর্তী সরকারের অংশ ছিলাম, কিছু সময় উপদেষ্টার দায়িত্বেও ছিলাম। আরও কয়েকজন ছিলেন—বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলও সেই সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। আমি নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেছি। এখন যদি দুর্নীতির অভিযোগ তোলা হয়, তাহলে যাঁরা সরকারে আছেন, তাঁদেরই সেটি প্রমাণ করতে হবে।

সরকারের কাছে প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি সংসদে এ অভিযোগের প্রমাণ চাই। নাহিদ ইসলামের নামে কী অভিযোগ, কোথায় দুর্নীতি করেছি—তার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে।

সংসদ সদস্যদের মর্যাদা ও অধিকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমার বয়স ২৮, আজ আমার জন্মদিন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, আমি নবীন সদস্য হতে পারি, কিন্তু আমিও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। কারও ছোট ভাই হিসেবে এখানে আসিনি। একজন সংসদ সদস্য হিসেবে যে সম্মান ও মর্যাদা সবাই প্রত্যাশা করেন, আমরাও সেই একই প্রত্যাশা করি।

তার এ বক্তব্যকে ঘিরে সংসদে কিছু সময় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজনৈতিক অঙ্গনে এ ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪