রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ২১ এপ্রিল আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ, যখন কুষ্টিয়া সদরের একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনা করতে গিয়ে তিনি জ্বালানিমন্ত্রীকে 'নাস্তিক' ও 'ইসলামবিদ্বেষী' হিসেবে অভিহিত করেন। এই মন্তব্যের প্রেক্ষিতে ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল একটি মানহানি মামলা দায়ের করেন।
আদালত মুফতি আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও তিনি যথাসময়ে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য যে, ইতিপূর্বেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় উসকানিমূলক বা বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল।
রিপোর্টার্স১৪/এসএন