| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে: মঈন খান

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১৫:৫৪:১২:অপরাহ্ন  |  ১৭২২৬৮০ বার পঠিত
উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে: মঈন খান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে সংস্কার, তারপর বিচার, তারপর নির্বাচন-দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতাও সরকারকে উপলব্ধি করতে হবে। এখানে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে, একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে, কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। রাজনীতিবিদরা সংস্কার না হলে কোনো সংস্কার কাজ হবে না।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর ফার্মগেইট খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে তারুণ্যের ভাবনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঈন খান বলেন, আমরা একটা পরিবর্তন চেয়েছি কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যেন আমরা আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যাই। আমরা দুনিয়ার সব সমস্যা সমাধান করতে চাচ্ছি, কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো পরশ পাথর নয় যে ছুয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে। এটা সহজ নয়।

তিনি বলেন, রাজনীতির গতি-প্রকৃতি বিচিত্র। প্রতিটি রাজনীতিকের নৈতিক দায়বদ্ধতা থাকতে হবে। প্রতি ৫ বছর পর জনগণের কাছে পরীক্ষা দিতে হয়। এটা জবাবদিহিতা ও গণতন্ত্র। কিন্তু আওয়ামী লীগ মুখে গণতন্ত্র বলেছিল, আর কাজে করেছিল স্বৈরতন্ত্র। বিগত সময়ে প্রহসনের নির্বাচনের নামে এমপি-মন্ত্রী হয়ে সংসদকে নাট্যশালায় পরিণত করেছিল। এভাবে রাজনীতি হয় না, হবে না। তরুণরা নিজেদের অধিকার ও যোগ্যতা দিয়েই দেশ পরিচালনা করবে। এটা জোর করে বা কোটা দিয়ে হবে না। 

তরুণদের উদ্দেশ্যে মঈন খান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তারুণ্য শক্তি দেখেছিল, রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল, আজকে সেই তরুণরা কোথায় কী করছে? ৫ আগস্টের পরবর্তী বাংলাদেশ, আজকের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা ছিল। সেদিন নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, আজকে নয় মাস পর সেই যাত্রা থেমে যাবে অথবা উল্টো পথে যাবে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করবে না। সূতরাং অস্থিরতা থেকে বের হয়ে আসতে হলে আমাদের সঠিক পথে যেতে হবে এবং সেই দায়িত্ব তরুণদের নিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন, আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আলাপের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার রাশনা ইমাম, রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ডা. জাহেদ উর রহমান, গবেষক ও বিশ্লেষক মেজর (অব.) রেজাউল করিম, দী ডিসেন্ট সম্পাদক কদরুদ্দিন শিশির, রাজনৈতিক বিশ্লেষক ও চিকিৎসক ডা. আব্দুন নূর তুষার, রাজনৈতিক বিশ্লেষক মুবাশ্বার হাসান, সমকালের সহকারী সম্পাদক এহ্সান মাহমুদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪