সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীতে সৃষ্ট উত্তেজিত পরিস্থিতিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে ঢাকা পোস্টকে দেওয়া বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমাদের সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিটি বিষয়ের সঠিক তদন্ত আমরা নিশ্চিত করব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা যান। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগে অংশ নেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হন; গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/বাবি