রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে রাজশাহী। হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর শুরু হয়। টানা কয়েক ঘণ্টা ধরে চলা এই অভিযান ভোর সাড়ে ৩টা পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় বুলডোজার ব্যবহার করে ভবনটির বড় একটি অংশ ধ্বংস করা হয়।
এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জুলাই মঞ্চ, এনএসিপি এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা- ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে, রুখে দাও জনগণ’, ভারতীয় আগ্রাসনসহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে। গুঁড়িয়ে দিবো আওয়ামী দুর্গ। সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা জোহা চত্বরে জড়ো হন। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন।
পরে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হয়ে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে মিছিল নিয়ে বিক্ষোভে যোগ দেন। পরে উত্তেজিত বিক্ষোভকারীরা বুলডোজার ব্যবহার করে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদের তীব্রতা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম