| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৬:১০:৪৯:অপরাহ্ন  |  ৯১৫৫৩০ বার পঠিত
খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, সে প্রশ্ন তুলে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

জানাজার ইমাম ও হাদির বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, ‘৭–৮ দিন হয়ে গেলো। দিবালোকের মধ্যে গুলি করে খুনি যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি তারা সীমান্ত পার হয়ে থাকে, তাহলে ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে কীভাবে পার হলো—এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম।’

তিনি বলেন, আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে। শহীদি তামান্না তার নিজেরই ছিল। হয়তো আল্লাহ তাকে শহীদি মৃত্যু নসিব করেছেন। কিন্তু আমি এই দাবি কখনো ছাড়বো না—আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি।

ড. আবু বকর ছিদ্দিক আরও বলেন, ‘৭–৮ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। এই দুঃখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে।’

ছোট ভাইয়ের আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, আমার কলিজার টুকরা শহীদ শরিফ ওসমান হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি স্পষ্ট বার্তা দিয়ে গেছেন—কীভাবে এই দেশকে রক্ষা করতে হয়।

পরিবারের শোকের কথা জানিয়ে তিনি বলেন, ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, বারবার জ্ঞান হারাচ্ছেন। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল শরিফ ওসমান হাদি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪