রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে আলোড়নের মধ্যেই এ ঘটনার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে সক্রিয় হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা এবং জনগণের ভোটাধিকার হরণ করার হীন উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পতিত স্বৈরাচারী শক্তির সঙ্গে দেশি-বিদেশি দোসরদের যোগসাজশে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য নানা রকম উসকানি ও সহিংস ঘটনার আশ্রয় নেওয়া হচ্ছে। তবে এসব ষড়যন্ত্র জনগণের ঐক্য ও সচেতনতার কাছে ব্যর্থ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের মাধ্যমে দেশবাসীর কাছে একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা দেওয়া হবে। ওই সমাবেশ থেকেই জানিয়ে দেওয়া হবে দেশে আর কোনো ষড়যন্ত্র দানা বাঁধতে দেওয়া হবে না।
একই সঙ্গে তিনি দলের সাংগঠনিক প্রস্তুতির কথাও তুলে ধরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের অবশিষ্ট প্রার্থীদের মনোনয়ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ।
রিপোর্টার্স২৪/ঝুম