সিনিয়র রিপোর্টার: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন,হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেন আল্লাহতায়ালা মাফ করেন। আল্লাহ তার করবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।
শনিবার (২০ ডিসেম্বর) সংসদ ভবন এলাকায় শরিফ ওসমান হাদির জানাজার আগে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন আদিপত্যবাদ বিরোধী একটা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সে স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে।
উপদেষ্টা বলেন, তারা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল; আর তিনি হয়ে উঠলেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতীকে।
উপদেষ্টা আরও বলেন, সারাদেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় গ্রামগঞ্জে, শহর-বন্দরে সব মসজিদে আমাদের ভাই শরিফ ওসমান হাদির জন্য দোয়া, খতমে কোরআন ও জিকির আজকার সম্পন্ন হয়েছে।
খালিদ হোসেন বলেন, তার ক্ষুরধার যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন। ‘জান দেব কিন্তু জুলাই দেব না’ এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার।
রিপোর্টার্স২৪/এসসি