টাঙ্গাইল প্রতিনিধি: থানায় লিখিত অভিযোগ, হাতেনাতে মোটরসাইকেল উদ্ধার ও আসামি আটক সত্ত্বেও ছিনতাইকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী এক সাংবাদিক।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগী সাংবাদিক মো. আশিক। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকের জীবন ও সম্পদ নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থার কী হবে—তা সহজেই অনুমেয়।
তিনি জানান, গত ১৪ ডিসেম্বর সাইবার অপরাধ সংক্রান্ত একটি অভিযোগ তিনি টাঙ্গাইলের পুলিশ সুপার বরাবর দাখিল করেন। এর জের ধরে ১৯ ডিসেম্বর বিকেলে মধুপুর উপজেলার গোপদ এলাকায় সংবাদ সংগ্রহের সময় আলামিন হোসেন বাবুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেল জোরপূর্বক ছিনতাই করে। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ অভিযুক্তকে আটক করে।
তবে পরদিন কোনো তদন্ত ছাড়াই একটি পাল্টা অভিযোগ গ্রহণ করে আসামিকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
রিপোর্টার্স২৪/বাবি