| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণা, ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৭:৩৩:২৭:অপরাহ্ন  |  ৭৬৫ বার পঠিত
নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণা, ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণা চালিয়ে মাইকিং করার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকার (৫০)। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন এলাকায় অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে এক যুবককে প্রকাশ্যে মাইকিং করতে দেখা যায়।

ভিডিওতে মাইকিং করে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এ সময় দলমত-নির্বিশেষে সবাইকে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেওয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পর বৃহস্পতিবার রাতেই জেলা পুলিশ ও মান্দা থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করে। পরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে শহিদুল ইসলাম শহীদ ও আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন এ বিষয়ে জানতেন বলে স্বীকার করেছেন। প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী বা সমর্থক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪