চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় মো. রাজ্জাক ওরফে চিকনা রাজুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হামলার সময় দেশীয় অস্ত্র হাতে সবার আগে ডিডিএনের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন চিকনা রাজু।
গ্রেপ্তার রাজ্জাক ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ফরাজী বাড়ির আলমগীর ফরাজীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করেন।
পুলিশ জানায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে হোয়াটসঅ্যাপে ফোন করে দুই কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায়।
নগরের চন্দনপুরা এলাকার মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়ে হামলাকারীরা আসবাবপত্র, কাচের দরজা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় গত ১৩ জুলাই চকবাজার থানায় মামলা করা হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন জানান, মামলার তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজ্জাক ওরফে চিকনা রাজুকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআই মনোয়ার হোসেন আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে নিয়ে সবার আগে কার্যালয়ে প্রবেশ করেন চিকনা রাজু। এরপর তিনি কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং পরে সহযোগীদের নিয়ে কার্যালয়ের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরে অংশ নেন।
রিপোর্টার্স২৪/রাফিদ