শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে রেশমি (৭) নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু রেশমি কায়দা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর খেলাধূলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো রেশমি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম।
এদিকে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি লাশ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি রেশমির বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একইসাথে ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি