ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া চালকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি ভৈরব থানা এলাকার মহরম মিয়ার ছেলে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল আমিন জানান, তেলবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৮৫) ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পণ্যবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৬৫) কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে আসছিল। পথে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তেলবাহী ট্রাকের চালককে উদ্ধার করতে সক্ষম হন। তবে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাকের চালক শফিকুল ইসলাম স্টিয়ারিং ও কেবিনের মাঝখানে আটকা পড়েন। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চলাচলের সময় চালকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন।
রিপোর্টার্স২৪/রাফিদ