| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া যুবক আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০১:৫৯:০৪:পূর্বাহ্ন  |  ১০৯২০০৩ বার পঠিত
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া যুবক আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ইসরাত রায়হান অমি (২৭)। তিনি চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। হান্নান মাসউদের চাচা ও এনসিপির হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ জিডিটি করেন।

জিডিতে মোট সাতজনের নাম উল্লেখ করে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময়ে নানা কৌশলে আব্দুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের হত্যার হুমকি দিয়ে আসছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয়, যেকোনো সময় তারা বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে।

জিডির তথ্য অনুযায়ী, ‘ইসরাত রায়হান অমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই বার্তার স্ক্রিনশটে দেখা যায়, হান্নান মাসউদসহ তার সহযোগীদের বিরুদ্ধে মারাত্মক হুমকিমূলক ভাষা ব্যবহার করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানার প্রধান ফটকের সামনে বিক্ষুব্ধ জনতা সমবেত হয়ে হুমকিদাতাদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

এ বিষয়ে শামছল তিব্রিজ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে, সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নিজের প্রতিক্রিয়ায় আব্দুল হান্নান মাসউদ বলেন, হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম আটকের সত্যতা স্বীকার  করে জানান,অভিযুক্ত ইসরাত রায়হান অমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪