ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভর্তিচ্ছুরা সমস্যায় পড়েছেন। ওই দিনই মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাবির ভর্তি পরীক্ষা মূলত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু ও রাষ্ট্রীয় শোকের কারণে তা স্থগিত করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ২৭ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম নিশ্চিত করেছেন, পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হতে পারে।
অন্যদিকে এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নটর ডেম কলেজ থেকে এই বছর এইচএসসি পাস করা শিক্ষার্থী রাকিব হাসান বলেন, বিজ্ঞান ইউনিট ও এমআইএসটি—দুটি বিশ্ববিদ্যালয়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একই দিনে পরীক্ষা হলে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন। ঢাবি কর্তৃপক্ষের উচিত তারিখ পুনর্বিবেচনা করা।
ডিন ড. আবদুস সালাম বলেন, ২৭ ডিসেম্বর তারিখটি চূড়ান্ত করেছি। তবে যদি সমস্যা দেখা দেয়, কর্তৃপক্ষ তা পরিবর্তনের বিষয়ে বিবেচনা করতে পারে। আমরা চাই না একই দিনে দুটি পরীক্ষা পড়ুক।
রিপোর্টার্স২৪/বাবি