চট্টগ্রাম প্রতিনিধি: দেশের প্রধান সমুদ্রবন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ভারী শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রাম অঞ্চলনির্ভর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, চট্টগ্রামই বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র।
শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও কেন্দ্রীয় ব্যাংকের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে সিঙ্গাপুর ও দুবাইয়ের মতো বৈশ্বিক কানেক্টিভিটি বাড়ানো জরুরি। একই সঙ্গে উৎপাদনমুখী খাতে স্বল্পমূল্যের ঋণপ্রবাহ নিশ্চিত করতে এসএমই ও কৃষি খাতে ব্যাংকগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন।
তিনি জানান, আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে বিদ্যালয়ভিত্তিক আর্থিক সাক্ষরতা কর্মসূচি চালু, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং পুনঃঅর্থায়ন স্কিমের অর্থ চট্টগ্রামে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি-রপ্তানি সহজ করতে সব বন্দর ও বিমানবন্দরে আরটিজিএস চালুর কথাও জানান গভর্নর।
সভায় কক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করা হয়। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন ও এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি