রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে অন্তত অর্ধকোটি থেকে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন বাসস্টেশনের খাগড়াছড়ি বাস টার্মিনাল-সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের একটি বেতের দোকানসহ আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীরা জানান, আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের জরুরি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তখন কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কোতোয়ালী থানা পুলিশের টহলরত একটি গাড়ি থামিয়ে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করে।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনের লেলিহান শিখায় তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক ছোটন দাশ বলেন, “রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। ভোরে ফোন পেয়ে এসে দেখি পুরো দোকান আগুনে পুড়ে গেছে। দোকানে প্রায় ৩৫টি নতুন ও পুরোনো জেনারেটর ছিল, যার মধ্যে সরকারি কিছু জেনারেটরও ছিল। আমার একাই ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাসমালিকদের অভিযোগ, সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো যেত। তারা আগুনের সূত্রপাত ও উদ্ধারকাজে দেরির বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। রোববার সকালে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রিপোর্টার্স২৪/এসএন