চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যাকে রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের ব্যস্ত পাঁচলাইশ এলাকার ফিনলে স্কয়ার মার্কেটের সামনে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে বুইশ্যা আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অভিযানে তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
তবে প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে তারা কয়েক রাউন্ড গুলিবিনিময়ের শব্দ শুনেছেন।
গ্রেপ্তার শহিদুল ইসলাম বুইশ্যা (৩৫) ভোলা জেলার দৌলতখান থানার ভাণ্ডারী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার বদিউল আলম গলিতে বসবাস করেন। পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে কমপক্ষে ১৯টি মামলা রয়েছে। চাঁদাবাজি, জমি দখল ও ছিনতাইসহ নানা অভিযোগেও তার নাম রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন