বগুড়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া সদর আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বিপুলসংখ্যক নেতাকর্মী নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হলেও মনোনয়ন উত্তোলনের সময় তারা সেখানে প্রবেশ করেননি।
মনোনয়ন উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এটি বগুড়াবাসীর জন্য গর্বের বিষয়। বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
রিপোর্টার্স২৪/এসসি