ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা গ্রামে অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (২১ ডিসেম্বর) সকালে আসামির নিজ বসতবাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আল আমিন ইসলাম (৪০)। তিনি ওই গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮টার দিকে পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে ডিএনসির একটি বিশেষ দল চোংগাখাতা গ্রামে অভিযান চালায়। আলামিন ইসলামের টিনের বাড়িতে তল্লাশি চালানোর সময় তার প্যান্টের পকেট থেকে একটি লাল রঙের প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে ৮.৫৬ গ্রাম ওজনের ৯২ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ডিএনসি কর্মকর্তারা জানান, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ জানান, মামলার পর আসামিকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠায়।
রিপোর্টার্স২৪/এসএন