নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় নিজ বসত ঘর থেকে হেলাল উদ্দিন নামে এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কেগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল উদ্দিন মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নাড়িয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী বেদেনা আক্তার গতকাল ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরে এসে দেখেন তার স্বামী গলা কাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন। বেদেনা আক্তার চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সরকার জানান, এ ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুত মূল কারণ উদঘাটন হবে। এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/এসএন