ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেল-এর অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষ করার পর আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের বাসে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আনসার সদস্যদের মধ্যে রয়েছেন: রিদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ।
রিপোর্টার্স২৪/আয়েশা