কুড়িগ্রাম প্রতিনিধি : সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়। পরে দুটি অ্যাম্বুলেন্সে মরদেহ আনা হয়। মোঃ মমিনুলের মরদেহ উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে, আর শান্ত মন্ডলের মরদেহ রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মিশনে নিহত দুই সেনা সদস্যের মরদেহ তাদের গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় দাফন করা হয়।
নিহত সৈনিক মোঃ মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি চলতি বছরে মিশনে অংশগ্রহণ করেন। দুই কন্যা সন্তানের জনক তিনি। মমিনুলের মৃত্যুতে তার বাড়ি ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দুই বছর আগে তিনি দিলরুবা আক্তার বৃষ্টির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিক সূত্রে জানা যায়, বৃষ্টি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
রিপোর্টার্স২৪/এসএন