| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন নোরা ফাতেহি?

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৭:৩৭:০৫:অপরাহ্ন  |  ১০৭০০৬৪ বার পঠিত
সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন নোরা ফাতেহি?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মদ্যপ এক ব্যক্তি অভিনেত্রীকে বহনকারী গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে খানিকটা আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে নোরা বললেন, আমি এখনো ট্রমাটাইজড।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন নোরা। সেখানে ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী লেখেন, মদ্যপ এক ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছিল এবং আমার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ভাগ্যবশত, ধাক্কাটা খুবই তীব্র ছিল এবং গাড়ির ভেতরে ছিটকে পড়ি। গাড়ির জানালার সঙ্গে মাথায় আঘাত পাই।

ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত বলে মনে করেন নোরা ফাতেহি। তার কথায়, আমি বেঁচে আছি এবং ভালো আছি। কিছুটা আঘাত পেয়েছি। মাথায় আঘাত ও ফোলা ছাড়া আমি ঠিক আছি; এজন্য আমি কৃতজ্ঞ। এই দুর্ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত। আমি এটা বলতে এসেছি যে, এ কারণেই কখনো মদ খেয়ে গাড়ি চালানো উচিত নয়। শুরু থেকেই আমি অ্যালকোহল ঘৃণা করি।

কখনো মদ পান করেননি নোরা ফাতেহি। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, আমি সবসময়ই অ্যালকোহলের বিরুদ্ধে। কখনো এটি সেবন করিনি। মাদক বা গাঁজা কখনো ব্যবহার করিনি। যা কিছু মানুষের মানসিক অবস্থা বদলে দেয়, যার কারণে সতর্ক থাকতে পারেন না, এমন যা কিছু রয়েছে তার প্রচার করি না, এমনকি, আশেপাশেও থাকতে পছন্দ করি না।

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, এসব বলার পর, আমি শুধু সবাইকে জানাতে চাই যে, আমি ঠিক আছি। কিছু সময় ব্যথায় ভুগব। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমি বেঁচে আছি। আমি মিথ্যে বলব না- ওটা ছিল খুবই ভয়ংকর, আতঙ্কজনক, ট্রমাটিক একটা মুহূর্ত। আমি এখনো কিছুটা ট্রমাটাইজড।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নোরা ফাতেহি। মদ্যপ অবস্থায় এক চালক নোরাকে বহনকারী গাড়িটিতে ধাক্কা মারে। পুলিশ ২৭ বছর বয়সী ওই মদ্যপ চালক বিনয় সাকপালকে গ্রেপ্তার করেছে। 

দুর্ঘটনার পরও নোরা ফাতেহি তার পেশাগত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন। যদিও চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কেবল তাই নয়, সন্ধ্যায় সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করেন নোরা। তার শরীরে অভ্যন্তরীণ আঘাত আছে কি না তা নিশ্চিত করতে চিকিৎসকরা সতর্কতামূলকভাবে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪