| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, মুখ খুললেন আলিয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১২:০৪:০২:অপরাহ্ন  |  ১২৮৯১ বার পঠিত
রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, মুখ খুললেন আলিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরের দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কখনো তাদের কথাবার্তা, কখনো সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য আবার কখনো জনসমক্ষে তাদের আচরণ বিশ্লেষণ করে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা জল্পনা ছড়ান নেটিজেনরা। এমনকি অনেকের দাবি, রণবীরের সঙ্গে দাম্পত্য সম্পর্কে অসম অবস্থানে রয়েছেন আলিয়া। তবে এবার এসব আলোচনা ও নেতিবাচক ধারণা নিয়ে সরাসরি নিজের অবস্থান জানালেন অভিনেত্রী।

আলিয়ার মতে, তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বাইরে থেকে এমন ধারণা তৈরি করা শুধু ভিত্তিহীনই নয়, বরং অপমানজনকও। কারণ, একটি সম্পর্কের প্রকৃত অবস্থা কী, তা বাইরের কেউ নির্ধারণ করে দিতে পারেন না।

২০২২ সালের এপ্রিলে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ও রণবীর। এরপর একই বছরের নভেম্বরে তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান রাহা। তারকা দম্পতি হিসেবে শুরু থেকেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা। তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় তৈরি হয়েছে বিতর্ক।

সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া এসব জল্পনার বিষয়ে কথা বলেন আলিয়া। সেখানে তিনি জানান, নারীদের নিজেদের চিন্তাভাবনা, অনুভূতি ও ব্যক্তিস্বাধীনতা সম্পর্কে সচেতন থাকার পক্ষে তিনি সবসময় কথা বলেন। ফলে তাকে এমন একজন নারী হিসেবে উপস্থাপন করা, যিনি কোনো কাল্পনিক পরিস্থিতিতে কষ্ট সহ্য করে যাচ্ছেন, সেটি তার কাছে অপমানজনক।

দাম্পত্য সম্পর্কের বাস্তবতা নিয়ে আলিয়া বলেন, প্রচলিত সামাজিক ধারণা ও মানুষের প্রত্যাশার সঙ্গে তাদের সম্পর্কের পার্থক্যের কারণেই হয়তো এমন আলোচনা তৈরি হচ্ছে। তার ভাষায়, কোনো চেষ্টা ছাড়াই যখন একজন মানুষ নিজেকে অন্যের কাছে অনুভূত হতে দেখেন, কিছু না বলেও নিজের কথা শোনা হচ্ছে বলে মনে করেন, তখনই একটি সম্পর্কের প্রকৃত ভিত্তি তৈরি হয়।

রণবীরের প্রসঙ্গে আলিয়া আরও বলেন, আমার কাছে রণবীর এমনই। এটাই আমাদের বাস্তবতা।

এর আগে ২০২৩ সালের আগস্টে ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের পছন্দ নিয়ে কথা বলেছিলেন আলিয়া। অভিনেত্রী জানিয়েছিলেন, তার ঠোঁটের স্বাভাবিক রং পছন্দ করেন রণবীর। এ কারণে কখনো কখনো তাকে লিপস্টিক মুছে ফেলতেও বলতেন তিনি। আলিয়ার সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নতুন বিতর্ক।

অনেক নেটিজেন রণবীরের এমন আচরণকে নিয়ন্ত্রণমূলক হিসেবে ব্যাখ্যা করেন। কেউ কেউ তাকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও আখ্যা দেন। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলতে থাকে।

পরে ২০২৩ সালের নভেম্বরে ‘কফি উইথ করণ ৮’ অনুষ্ঠানে স্বামীর পক্ষ নিয়ে কথা বলেন আলিয়া। তিনি জানান, রণবীরের মন্তব্যকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বামীকে যেভাবে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে, বাস্তবে তিনি তেমন নন বলেও স্পষ্ট করেন অভিনেত্রী।

এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। ‘রামায়ণ’ সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন আলিয়া ও রণবীর। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশলও। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সব মিলিয়ে দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ও সমালোচনার মধ্যেও আলিয়ার বক্তব্য স্পষ্ট তাদের সম্পর্কের বাস্তবতা তারাই সবচেয়ে ভালো জানেন, বাইরের মানুষের ধারণা দিয়ে সেই সম্পর্কের মূল্যায়ন করা যায় না। সূত্র: নিউজ১৮


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪