| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:১৫:০৮:অপরাহ্ন  |  ৩২৯৪৬০ বার পঠিত
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, জাতীয় দৈনিক প্রথম আলো মামলা করেছে তবে দ্য ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ক্ষতির পরিমাণ হিসাব করে মামলা করবে বলে জানিয়েছে। এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ৪টি আইনে মামলা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, দুটি দৈনিক পত্রিকায় হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে থানা পুলিশ ১৩ জন, সিটিসি ৩ ও ডিবি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, অন্য আসামিদের ধরতে অভিযান চলমান আছে। চারটি আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এটাই পুলিশের অর্জন বলে মনে করেন ডিএমপির এ কর্মকর্তা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে সম্প্রতি হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন: মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম। এ ছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।

তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এতে বলা হয়, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার (২১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন যে সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এরইমধ্যে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসার সাবেক ছাত্র এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। মো. সাইদুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা। শেরপুর জেলার বাসিন্দা গ্রেপ্তার রাকিব হোসেন প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভিডিও ফুটেজে শনাক্ত হয়েছেন। তার আইডি থেকে ধ্বংসস্তূপের ছবি তুলে পোস্ট করা হয়।

তিনি ফেসবুকে তার আইডি থেকে উসকানিমূলক পোস্টও করেন। ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট এক লাখ ২৩ হাজার টাকা লুট করেছেন।

লুট করা টাকা দিয়ে তিনি মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা এরইমধ্যে উদ্ধার করা হয়েছে। ঢাকার কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আইনে ঢাকার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেপ্তার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তার অন্যান্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানানো হয়েছে। ১৮ ডিসেম্বর মধ্য রাতে আগুন দেয়ার ঘটনা ঘটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪