রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান দেশে ফেরার আগে নিজের অনুভূতি শেয়ার করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই।
জাইমা তার পোস্টে ছোটবেলার স্মৃতি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, স্কুলের ফুটবল টুর্নামেন্টে মেডেল পাওয়ার পর আম্মু তাকে সরাসরি দাদুর কাছে নিয়ে গিয়েছিলেন। “আমি তখন এগারো বছর বয়সী ছিলাম। গোলকিপার হিসেবে কী করেছি, তা দাদুকে দেখালাম। তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং এতটাই গর্বিত হন যে পরে সেই গল্প অন্যদেরকেও বলেন।
তিনি বলেন, আমার দাদু সবসময় পরিবারকে আগলে রাখতেন। আমাদের কাছে তিনি শুধু দাদু, দেশের জন্য হাজারো মানুষের কাছে প্রধানমন্ত্রী। তার কাছ থেকে আমি শিখেছি নম্রতা, আন্তরিকতা ও মন দিয়ে শোনার মূল্য।
জাইমা উল্লেখ করেছেন, বাংলাদেশের বাইরে কাটানো ১৭ বছর আমাকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। তবুও আমার হৃদয় সবসময় বাংলাদেশে ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা শৃঙ্খলা শিখিয়েছে, তবে মানুষের সঙ্গে কাজ করে আমি দায়িত্বশীল হতে শিখেছি।
তিনি আরও লিখেছেন,‘দাদু’ ও ‘আব্বু’ সেই আদর্শের প্রতীক। চব্বিশের গণঅভ্যুত্থান এবং ৫ আগস্টের সময়টাতে আমি নেপথ্যে থেকে সাধ্যমতো সহায়তা করেছি। ছোট ছোট কাজের মাধ্যমে চেষ্টা করেছি বোঝা হালকা করার।
জাইমা দেশ ফেরার অনুভূতিও ব্যক্ত করেছেন। দেশে ফেরার মানে আবেগ ও অনুভূতির সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাআল্লাহ দাদুর পাশে থাকব, আব্বুকে সর্বাত্মক সহায়তা করব। দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই, মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। চাই বাংলাদেশ আবারো এগিয়ে যাক, গর্জে উঠুক।
উল্লেখ্য, ১৮ বছরের নির্বাসনের পর জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
রিপোর্টার্স২৪/ঝুম