রিপোর্টার্স২৪ ডেস্ক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নামের দলের সঙ্গে সমঝোতায় ৪ টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, যে সমস্ত আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না।
বিএনপি মহাসচিব জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
রিপোর্টার্স২৪/এসএন