সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও সম্ভাব্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে গানম্যান চেয়ে আবেদন করার কথা জানিয়েছেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বর্তমান পরিস্থিতিতে নিজেকে ও পরিবারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি প্রধান উপদেষ্টার কাছে একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।
হিরো আলম বলেন, প্রার্থী হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গত মাসেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হিরো আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী হলেও ইতোমধ্যে চারটি রাজনৈতিক দল থেকে দলীয় প্রতীকে নির্বাচন করার প্রস্তাব পেয়েছেন। দলগুলো হলো গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।
হিরো আলম জানান, কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সময় হলে সিদ্ধান্ত জানাবেন। তিনি ঢাকা ও বগুড়া এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
রাজনীতিতে তার সক্রিয়তা ও ধারাবাহিক প্রচারণা নতুন করে আলোচনায় এনেছে হিরো আলমকে। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিলে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়।
রিপোর্টার্স২৪/এসসি