| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি–জমিয়ত সমঝোতা, জুনায়েদকে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রার্থী রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৪:৩৭:০১:অপরাহ্ন  |  ১০৮৪৪৪৭ বার পঠিত
বিএনপি–জমিয়ত সমঝোতা, জুনায়েদকে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রার্থী রুমিন ফারহানা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের নির্বাচনী সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। বিএনপির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীবের প্রার্থীতা চূড়ান্ত হলেও সেই সিদ্ধান্তকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

গত শুক্রবার বিকেলে সরাইল উপজেলার বিটঘর বাজারে এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা ঘোষণা দেন, দলীয় মনোনয়ন না পেলেও তিনি এই আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমি যা বলি, তাই করি। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। তার এই বক্তব্যের পর থেকেই জেলা রাজনীতিতে গুঞ্জন ছড়িয়ে পড়ে; তিনি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকছেন।

সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে সারা দেশে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ অন্যতম। তবে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এবার জোটগতভাবে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করার সুযোগ নেই। ফলে মাওলানা জুনায়েদ আল-হাবীবকে তার দলের প্রতীক ‘খেজুর গাছ’ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

মাঠপর্যায়ে দুই প্রভাবশালী প্রার্থীর লড়াই এই আসনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। কওমি ঘরানার প্রভাবশালী আলেম হিসেবে মাওলানা জুনায়েদ আল-হাবীবের সরাইল–আশুগঞ্জ এলাকায় শক্ত সমর্থকভিত্তি রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে নিয়মিত গণসংযোগ এবং সংসদ ও রাজপথে সক্রিয় ভূমিকার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানা শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকলে এই আসনে জোটের ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিএনপি নেতৃত্বাধীন জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় বিএনপি তার অবস্থানের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয় নাকি শেষ মুহূর্তে সমঝোতার নতুন কোনো পথ খুঁজে বের করে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪