সিনিয়র রিপোর্টার: জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।
শীর্ষ নেতৃবৃন্দ ও হেভিওয়েট প্রার্থী
ঘোষিত তালিকায় জোটের শীর্ষ নেতারাও নিজ নিজ আসনে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন; চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার, ঢাকা-১০ আসনে অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং কিশোরগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।
এ ছাড়া মাদারীপুর-৩ আসনে শেখ শহিদুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনে গোলাম সারোয়ার মিলন, ফরিদপুর-১ আসনে শাহ মোহাম্মদ আবু জাফর, বরিশাল-৬ আসনে নাসরিন জাহান রতনা এবং নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকাসহ সাবেক এমপি ও পরিচিত মুখদের নাম রয়েছে তালিকায়।
জাতীয় পার্টি ও শরিকদের প্রার্থী
প্রার্থী তালিকায় জাতীয় পার্টির একাধিক সাবেক সংসদ সদস্য ও পরিচিত রাজনীতিক ছাড়াও জেপি এবং অন্যান্য শরিক দলের প্রার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন। বিভিন্ন আসনে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি নতুন মুখও দেখা গেছে।
১১ আসনে একাধিক প্রার্থী
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১টি আসনে একাধিক প্রার্থী দিয়েছে। এসব আসন হলো— ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে বর্তমানে ভয়াবহ মব সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ, সাংবাদিক নুরুল কবিরকে নাজেহাল, ময়মনসিংহে হিন্দু যুবক হত্যাকাণ্ড, লক্ষ্মীপুরে শিশু হত্যাসহ সাম্প্রতিক সহিংস ঘটনার উল্লেখ করেন।
তিনি বলেন, দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে সরকার কীভাবে একটি সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচন উপহার দেবে, তা নিয়ে আমাদের গুরুতর প্রশ্ন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি