সিনিয়র রিপোর্টার: শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তার বড় ভাই ওমর বিন হাদি। তিনি বলেন, এই হত্যার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে না।
শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন এবং এখন সেই ঘটনাকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আমরা তা কখনো হতে দেবো না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘শহীদি শপথ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে ওমর বিন হাদি বলেন, যদি মনে করেন নির্বাচনের পর রাষ্ট্রক্ষমতা ছেড়ে বিদেশে চলে যাবেন, তাহলে মনে রাখবেন এদেশের জনগণ আপনাদের বিচার কাঠগড়ায় দাঁড় করাবেই।
তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত খুনিদের গ্রেপ্তার করে প্রকাশ্যে বিচারের আহ্বান জানান এবং বলেন, নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সে জন্য দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
ওমর বিন হাদি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত এ দাবিতে ওসমান হাদি রাজপথে সক্রিয় ছিলেন। তাকে হত্যা করে পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আগে যারা নিজেদের রাষ্ট্রের মালিক ভাবতেন, তারা আজ এই দেশে নেই। বিচার এড়াতে পারলে কেউই নিরাপদ থাকবে না।
বক্তব্যে ওমর বিন হাদি দাবি করেন, ওসমান হাদি কোনো রাষ্ট্র, এজেন্সি বা ক্ষমতাধরের কাছে মাথানত করেননি। তিনি দেশের মানুষকে রাজপথে আন্দোলন ও সার্বভৌমত্ব রক্ষার পথ দেখিয়েছেন।
তিনি বলেন, জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আরও শক্তিশালী হয়ে মানুষের মাঝে ফিরে আসছে।
রিপোর্টার্স২৪/এসসি