স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক সাতটি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা করে আটটি আসনে প্রার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সমঝোতার আওতায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে একই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে বিএনপি সমর্থন দেবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা এসব আসনে সমঝোতায় পৌঁছেছি। আলোচনার প্রক্রিয়া এখনও চলমান। পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
তিনি আরও জানান, কুমিল্লা-৭ আসনে বিএনপিতে সদ্য যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে প্রার্থী করা হয়েছে। ববি হাজ্জাজ শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলেও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, যাদের সঙ্গে নির্বাচনি সমঝোতা হয়েছে তারা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি