রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না। এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হতে পারে। এজন্য তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের যাত্রা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
সালাহউদ্দিন আরও জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করবেন। এরপর তার বাবা ও ভাইয়ের কবর জিয়ারত করার পরিকল্পনা রয়েছে। এই কারণে তিনি দেশে প্রত্যাবর্তনের জন্য এমন একটি তারিখ বেছে নিয়েছেন যা সরকারি তিন দিনের ছুটির সঙ্গে মিলিত হয়েছে।
তাঁর নির্দেশনা অনুযায়ী, রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান বা মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। বরং রাজধানীর এক পাশে অবস্থিত প্রশস্ত তিনশ ফুট মহাসড়কের সার্ভিস লেনের একপাশে সংক্ষিপ্ত সংবর্ধনা আয়োজন নির্ধারণ করা হয়েছে। সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও দেশের কল্যাণ কামনা করা হবে।
সালাহউদ্দিন নিশ্চিত করেছেন,এই সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।
রিপোর্টার্স২৪/এসসি