| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৫:০৮:২০:অপরাহ্ন  |  ৯৫৯৬৯৫ বার পঠিত
তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তাঁর দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছে বিশ্ব সংবাদমাধ্যমগুলো।

দেড় যুগের প্রবাসজীবন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছান তারেক রহমান। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন। এএফপির প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করা হয়— ‘খালেদা জিয়ার উত্তরসূরি ১৭ বছর পর নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন’।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে এসেছেন। প্রতিবেদনে বলা হয়, দলটি আশা করছে তাঁর এই প্রত্যাবর্তন সমর্থকদের নতুন করে উদ্দীপিত করবে, বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে। রয়টার্স আরও উল্লেখ করে, বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে লাখো সমর্থকের উপস্থিতিতে সড়কজুড়ে নজিরবিহীন দৃশ্যের সৃষ্টি হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফুল হাতে নিয়ে তারা স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, ‘খালেদা জিয়ার পুত্র তারেক রহমান নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন’। প্রতিবেদনে বলা হয়, তাঁর আগমনকে ঘিরে সারাদেশে ব্যাপক মানুষের ঢল নেমেছে। এনডিটিভি তারেক রহমানের রাজনৈতিক ও পারিবারিক পরিচয় তুলে ধরে জানায়, তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ‘১৭ বছরের নির্বাসন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান’। প্রতিবেদনে তাঁর রাজনৈতিক ভূমিকা, দেশে ফেরার পটভূমি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা হয়। আল জাজিরা উল্লেখ করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান বর্তমানে দলের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯১ সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে মূলত খালেদা জিয়া ও শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতার পালাবদল ঘটেছে। তবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় বিএনপির জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে জোরালো হয়ে উঠেছে।

এদিকে বিবিসি বাংলার ওয়েবসাইটেও লাইভ আপডেট আকারে খবরটি প্রকাশ করা হয়। শিরোনামে বলা হয়, ‘১৭ বছর পর ঢাকায় তারেক রহমান’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা স্বাগত জানান।

সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ, প্রতীকী ও সম্ভাব্য দিক-নির্দেশনামূলক ঘটনা হিসেবে দেখছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি–২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান রাজধানীর পূর্বাচলের তিনশ’ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪