| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৭:২৬:১১:অপরাহ্ন  |  ৯৫৯৪৭৯ বার পঠিত
তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম তারেক রহমানকে স্বাগত জানান এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন।

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান ও তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন। দীর্ঘ সময় তাকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের ফলে এমন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যার কারণে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত থাকবে এবং ভবিষ্যতে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে পড়তে হবে না। বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আজ আমরা যে মুক্ত বাংলাদেশের পথে এগোচ্ছি, সেখানে আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

তারেক রহমানের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক সহাবস্থান এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, জনাব তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তাঁর এই অংশগ্রহণ যেন ফলপ্রসূ হয় এই প্রত্যাশা করি।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। নাহিদ ইসলামের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪